বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে ছাত্রলীগের দু'গ্রুপের সংঘর্ষের জের ধরে অনির্দিষ্টকালের জন্য কলেজ ও হল বন্ধের ঘোষণা প্রত্যাহার করা হয়েছে। বুধবার দুপুরে পরিস্থিতি নিয়ন্ত্রণে মেডিকেল কলেজ ও হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, দুপুর ১ টার দিকে ছাত্রলীগের পদবঞ্চিত অনুপ সরকারের সমর্থকরা ক্যাম্পাসে মিছিল বের করে। এসময় ছাত্রলীগের সভাপতি আল ইমরানের সমর্থকরা পাল্টা মিছিল বের করলে দুই গ্রুপের হাতাহাতি হয়। তাদের নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে।
গত ১৯ অক্টোবর ছাত্রলীগের কমিটি ঘোষণা পর থেকে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। পরিস্থিতি সামাল দিতে কলেজ কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য মেডিকেল কলেজ ও এর তিনটি ছাত্রাবাস বন্ধ ঘোষণা করে। একইসঙ্গে, ছাত্র-ছাত্রীদের সন্ধ্যা ৬টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেয়।