শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের দুর্ভোগ লাঘব ও দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে চালু করা হয়েছে ওয়ানস্টপ সার্ভিস। এর ফলে একই স্থান থেকে রেজিস্ট্রেশন, প্রবেশপত্র উত্তোলন, সংশোধন, ব্যাংক ড্রাফটসহ সকল ফি জমা দেয়ার সেবা গ্রহণ করা যাবে।
পর্যায়ক্রমে সেবার বিস্তারের মাধ্যমে ২০১৭ সালের মধ্যে সম্পূর্ণ তথ্যপ্রযুক্তি নির্ভর বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।
দেশজুড়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ পৌঁছে দিতে ১৯৯২ সালে গাজীপুরের বোর্ডবাজার এলাকায় স্থাপিত হয় জাতীয় বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠার পর থেকেই সেশনজটসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে এখানকার কর্মকর্তা ও কর্তৃপক্ষের বিরুদ্ধে।
মার্কসিট, সার্টিফিকেট উত্তোলনসহ শিক্ষা বিষয়ক নানা কাজে হয়রানির শিকার হন শিক্ষার্থীরা। এ সমস্যা কাটাতে ও প্রশাসনে দুর্নীতি কমাতে মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চালু করা হয় ওয়ানস্টপ সার্ভিস।
নতুন এ সেবা চালুর মধ্য দিয়ে একই স্থান থেকে স্বল্প সময়ে সেবা গ্রহণ করতে পারায় খুশি শিক্ষক ও শিক্ষার্থীরা।
ড. মোনাজ আহমেদ নূর, প্রো-ভিসি, জাতীয় বিশ্ববিদ্যালয় প্রো-ভিসি ড. মোনাজ আহমেদ নূর বলেন, সম্পূর্ণ আইটি নির্ভর বিশ্ববিদ্যালয় গঠনে এরইমধ্যে সম্পন্ন হয়েছে শিক্ষকদের ডাটাবেজ তৈরি। চলছে ই ফাইলিংয়ের কাজ।
জানা গেছে, পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়টির অধিভূক্ত ২ হাজারেরও বেশি কলেজের প্রশাসনিক পুনর্বিন্যাসের জন্য স্থাপন করা হবে আঞ্চলিক কেন্দ্র ও কল সেন্টার।
২০ লাখ শিক্ষার্থীর শিক্ষাদানের পাদপিঠ জাতীয় বিশ্ববিদ্যালয় নতুন এসব সার্ভিসের মাধ্যমে দুর্নীতিমুক্ত হয়ে দেশ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা এমনটি প্রত্যাশা সবার।