অষ্টম জাতীয় বেতন স্কেলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের জাতীয় পে-স্কেলে অর্ন্তভুক্ত করায় প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানানো হয়েছে।
স্বাধীনতা শিক্ষক পরিষদ-(স্বাশিপ) সংগঠনের সভাপতি প্রফেসর ড. আব্দুল মান্নান চৌধুরী ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু শনিবার এক যুক্ত বিবৃতিতে এ কথা জানান।
তবে শর্ত-সাপেক্ষে এমপিভুক্ত শিক্ষকদের পে-স্কেল দেয়ার সরকারি সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছে স্বাধীনতা শিক্ষক পরিষদ।
শিক্ষা প্রতিষ্ঠানের সকল আয় সরকারি তহবিলে জমা দিলে পে-স্কেল কার্যকর করা হবে- সরকারি এমন সিদ্ধান্তের তীব্র বিরোধীতা করেছেন তারা।
বিবৃতিতে শিক্ষক নেতৃবৃন্দ বলেন, পে-স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আয় সরকারি কোষাগারে ফেরত দেয়ার শর্ত সাপেক্ষে শিক্ষক কর্মচারীদের নতুন পে-স্কেল কার্যকর করা হবে মর্মে সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে এদেশের ৫ লাখ শিক্ষক কর্মচারীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হচ্ছে। যাতে করে বর্তমান শিক্ষাবান্ধব প্রধামন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে।
বিবৃতিতে শিক্ষক নেতারা বলেন, শুধু আংশিক নয় প্রয়োজনে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সকল আয় সরকারি কোষাগারে নিয়ে যাওয়া হউক, বিনিময়ে বেসরকারি শিক্ষাকে জাতীয়করণ করা হউক।
বিবৃতিতে তারা আরো বলেন, প্রাথমিক শিক্ষাকে জাতীয়করণের মধ্যদিয়ে বঙ্গবন্ধু এবং শেখ হাসিনা যেমন ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করেছেন- তেমনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিহাসে ওমর হয়ে থাকবেন।