পাকিস্তানের সঙ্গে সব ধরণের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের বিশেষ সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বিশ্ববিদ্যালয় উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক সভা শেষে গণমাধ্যমকে এ কথা জানান।
এ ঘোষণার ফলে এখন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর কোন পাকিস্তানী শিক্ষার্থী উচ্চশিক্ষা নিতে পারবে না।
যুদ্ধাপরাধী সাকা চৌধুরী ও আল বদর প্রধান মুজাহিদের ফাঁসি কার্যকরকে কেন্দ্র করে, সম্প্রতি ব্যাপক উদ্ধত প্রতিক্রিয়া দেখায় পাকিস্তান।
সেইসঙ্গে একাত্তরে গণহত্যার দায়ও অস্বীকার করে দেশটির সরকার। এ ঘটনায় প্রতিবাদের ঝড় ওঠে গোটা বাংলাদেশে। পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি ওঠে মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের মানুষের মধ্যে।
এমন পরিস্থিতিতে বুদ্ধিজীবী দিবসে বিশেষ সিন্ডিকেটের সভা করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পাকিস্তানের সাথে সব ধরণের সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত হয় সভায়।
মুক্তিযুদ্ধের সময় যুদ্ধাপরাধের দায়ে ১৯৫ জন পাকিস্তানী সেনা কর্মকর্তারও বিচার দাবি করেন শিক্ষকরা।
আর পর্যায়ক্রমে দেশের সব বিশ্ববিদ্যালয়ও পাকিস্তানের সাথে সব ধরণের সম্পর্ক ছিন্ন করবে বলে শিক্ষক সমিতি ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়।