মুক্তিযুদ্ধের মৃত্যুঞ্জয়ী সৈনিক বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল। দেশের ৭ বীরশ্রেষ্ঠের একজন তিনি। স্বাধীনতার ৪৪ বছর পেরিয়ে গেলেও আজও ছেলের স্মৃতিচারণ করে কাঁদেন মা মালেকা বেগম।
বীরশ্রেষ্ঠের নামে প্রতিষ্ঠিত কলেজটি জাতীয়করণের দাবি পরিবারের।
মুক্তিযুদ্ধে যাওয়ার আগে মোস্তফা কামাল তার মাকে বলেছিলেন, যুদ্ধ শেষ না করে ফিরে আসবে না। যুদ্ধ শেষ হলেও ফিরে আসেননি তিনি।
স্বাধীনতার ৪৪ বছর পাড় হয়ে গেলেও সন্তান হারানো কথা ভুলতে পারেননি তারা মা। ভোলা সদরের আলীনগর ইউনিয়নের মৌটুপি গ্রামের এই মা আজও কাঁদেন ছেলের ছবির দিকে তাকিয়ে।
১৯৭১ সালে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিক হিসেবে দায়িত্ব পালন করছিলেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায়। ১৮ এপ্রিল পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে এক সম্মুখ সমরে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন মোস্তফা কামাল। দেশ স্বাধীন হলে এই বীর শহীদকে বীরশ্রেষ্ঠর মর্যাদা দেয়া হয়।
এ বীরশ্রেষ্ঠের নামে একটি কলেজ প্রতিষ্ঠা করা হলেও আজও কলেজটি জাতীয়করণ করা হয়নি।
বিজয় দিবস ও স্বাধীনতা দিবস ছাড়া কেউ খোঁজ নেয় না বলে ক্ষোভ করেন তার ভাইয়ের ছেলে সেলিম।
এদিকে, বীরশ্রেষ্ঠ মোস্তাফা কামালের পরিবারকে সবধরনের সহযোগিতা করার কথা জানিয়েছেন জেলা প্রশাসক মো. সেলিম রেজা।