রাজশাহী ক্যাডেট কলেজের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের বেলুনে গ্যাস ভর্তির সময় সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ৪ জন আহত হয়েছেন। শনিবার সকাল ৮টার দিকে রাজশাহীর সরদা ক্যাডেট কলেজের ভিতরে এ ঘটনা ঘটে।
এ সময় ক্যাডেট কলেজের চতুর্থ শ্রেনীর দুই কর্মচারিসহ ৪ জন আহত হন। আহতরা হলেন : ক্যাডেট কলেজের হেড প্ল্যাম্বার ওয়াহেদুজ্জামান (৩০) ও সহকারী মিশন মঞ্জুর রহমান (২৮)।
দগ্ধ অন্য ২ জন হলেন : রাজশাহী মহানগরীর শিরোইল কলোনি এলাকার হোসেন আলীর ছেলে রুবেল (৪৫) ও ছোটবনগ্রাম এলাকার মকবুলের ছেলে সেলিম (৪০)।
ঘটনার পরপরই আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, সকলের কিছু কিছু অংশ পুড়েছে। তবে ওহেদুজ্জামানের দগ্ধের পরিমানটা বেশি।
রাজশাহীর চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ বলেন, ২৮ ডিসেম্বর ক্যাডেট কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা। তারই প্রস্তুতি চলছিল।