অর্থমন্ত্রীকে দেয়া পত্রের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ৮ম বেতন কাঠামোর দাবি দাওয়া পূরণ না হলে আগামী ২ জানুয়ারি কঠোর আন্দোলনের ঘোষণা দেয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশন।
শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত তাদের প্রতিশ্রুতি দিয়ে বলেছিলেন, অষ্টম জাতীয় বেতন স্কেলে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য সপ্তম জাতীয় বেতন কাঠামোর মতোই সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বহাল থাকবে।
আরো প্রতিশ্রুতি দিয়ে ছিলেন, অষ্টম জাতীয় বেতন স্কেলে জ্যেষ্ঠ সচিবদের যে জায়গায় রাখা হয়েছে সেই জায়গায় গ্রেড-১ প্রাপ্ত অধ্যাপকদের মধ্যে থেকে একটি অংশকে শতকরা হারে উন্নীত করা হবে।
তবে প্রকাশিত বেতন কাঠামোয় এর প্রতিফলন ঘটেনি। বরং অর্থ মন্ত্রণালয় থেকে শিক্ষা মন্ত্রণালয়ে যে চিঠি দেয়া হয়েছে সেটি বাস্তবায়ন হলে গ্রেড-১ প্রাপ্ত শিক্ষকদের সংখ্যা আগের চেয়ে অর্ধেক কিংবা আরও নিচে নেমে আসতে পারে।
এছাড়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানের নেতৃত্বে গঠিত কমিটির মাধ্যমে সেটি কার্যকর করার সিদ্ধান্ত ১৯৭৩-এর বিশ্ববিদ্যালয় আদেশের সরাসরি পরিপন্থী।
এ সময় বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ বলেন, অর্থমন্ত্রীর কাছে সুস্পষ্ট আশ্বাস পেয়ে ছিলাম তবে সত্যিকার অর্থে প্রতারিত করা হয়েছে। এখন চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া ছাড়া আর কিছু সম্ভব নয়। এখন কঠোর আন্দোলনে ছাড়া উপায় নেই।
তিনি আরো বলেন, সব পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যেতে পারে। এ সব বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছি।