অনির্দিষ্টকাল কর্মবিরতির ঘোষণা দিয়েছে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন।
সিলেকশন গ্রেড বহাল ও গ্রেড সমস্যা নিরসনের দাবিতে আগামী ১১ জানুয়ারি থেকে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকাল কর্মবিরতির ঘোষণা দিয়েছে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন।
কর্মবিরতি কর্মসূচি চলাকালে সান্ধ্যকালীন কোর্স বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মোজাফ্ফর আহমেদ চৌধুরী মিলনায়তনে দীর্ঘ বৈঠক শেষে সংআদসম্মেলনে ফেডারেশন এ কর্মসূচি ঘোষণা করে মহাসচিব অধ্যাপক এএসএম মাকসুদ কামাল।
এ সময় তিনি বলেন, যতোদিন দাবি আদায় না হবে, ততোদিন পর্যন্ত তাদের কর্মবিরতি চলবে— এরমধ্যে সরকারের পক্ষ থেকে কোনো আলোচনার আহ্বান এলে শিক্ষক নেতারা আলোচনায় বসবেন।
তবে প্রজ্ঞাপনের মাধ্যমে যতোদিন না দাবি মেনে নেয়া হবে ততোদিন কর্মবিরতি প্রত্যাহার করা হবে না বলে জানান তিনি।
শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, তারা প্রতারিত হয়েছেন।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত শিক্ষকদের দাবি মেনে নেয়ার সুস্পষ্ট অঙ্গীকার করেছিলেন কিন্তু তা বাস্তবায়িত হয়নি।
ব্রিফিংয়ে অন্যান্য কর্মসূচি ঘোষণা করেন শিক্ষকেরা। আগামীকাল রোববার থেকে ৭ জানুয়ারি পর্যন্ত শিক্ষকেরা কালো ব্যাজ ধারণ করে ক্লাসে যাবেন। ৭ তারিখ বেলা ১১টা থেকে একটা পর্যন্ত নিজ নিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করবেন। এরপর ১১ তারিখ থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক কর্মবিরতিতে যাবেন।
ব্রিফিংয়ে ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।