নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ গোদানাইল তাঁতখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টাকার বিনিময়ে মিলছে বই—টোকেন কিনে জমা দিলে বই দেয়া হচ্ছে শিক্ষার্থীদের হাতে।
এদিকে, এ ঘটনায় অভিযোগ পাওয়ামাত্র স্কুলের প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত ও বিদ্যালয় পরিচালনা কমিটি বাতিল করেছে জেলা প্রশাসন।
রোববার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রসাশক আনিছুর রহমান মিয়া।
বছরের প্রথম দিন থেকে সারাদেশে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণের কথা থাকলেও নারায়ণগঞ্জের অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ে এখন পর্যন্ত বই বিতরণ করা হয়নি।
অনেক জায়গায় বই বিতরণের সময় শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেয়া হচ্ছে এ অভিযোগ পাওয়া গেছে— এ নিয়ে ক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা।
এ অভিযোগে রোববার সিদ্ধিরগঞ্জ গোদানাইল তাঁতখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং বিদ্যালয় পরিচালনা কমিটি ভেঙে দেয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, টোকেন কিনে জমা দিলে বই দেয়া হবে বলে শিক্ষার্থীদের আগা থেকে জানানো হয়েছে।
বই নিতে আসা অভিভাবক বলেন, ‘আমার বাচ্চার বাপে রিকসা চালায় এখন স্কুলে বই নিতে গিয়ে দেখি ২০০ টাকা নেয়া হচ্ছে, আমরা কোথায় পাব এ টাকা। সরকার তো বলেছে এমনি দিবো বই। তারপরও ১০০ টাকা দিতে চেয়েছি কিন্তু ওরা (কমিটি) মানে না।’
সরকার বিনা মূল্যে বই বিতরণ করলেও বিদ্যালয়গুলোতে বইয়ের জন্য টাকা নেয়ায় ক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকেরা।
স্কুল থেকে বলেছে টাকা দিতে হবে—আর টাকার টোকেন ছাড়া বই দেয়া হবে না।
এ বিষয়ে জানতে চাইলে ম্যানেজিং কমিটির সিদ্ধান্তে এই টাকা নেয়া হচ্ছে বলে জানান সিদ্ধিরগঞ্জ গোদানাইল তাঁতখানা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমান।
তিনি বলেন, ‘কমিটি এ টাকা নিচ্ছে, আমরা সরকারি লোক এরমধ্যে জড়িত না। এটা উনারা উনাদের দায়িত্বে নিচ্ছেন।’
আর অভিভাবকদের সঙ্গে আলোচনা করে টাকা নেয়া হচ্ছে বলে জানান একই বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এমএ বারি।
তিনি বলেন, ‘অভিভাবকদের অনুমতি নিয়েই এ কাজ করা হচ্ছে—কেউ কেউ অভিযোগ করেছে, আবার কেউ কেউ কম নিতে বলেছে সেটা করা হয়েছে।’
গত শুক্রবার সারাদেশে প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন পাঠ্যবই বিতরণ করা হয়েছে। কিন্তু নারায়ণগঞ্জের বেশিরভাগ প্রাথমিক বিদ্যালয়ে এখন পর্যন্ত বই বিতরণ করা হয়নি। স্কুলগুলোতে শিক্ষার্থীদের কাছ থেকে ২০০ টাকা করে আদায় করে বই বিতরণের টোকেন দেয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।