মেধা বিকাশের সুযোগ করে দিলে বাংলাদেশের শিক্ষার্থীরা শুধু নিজ দেশে নয় বরং বিশ্বব্যাপী অবদান রাখতে পারবে—বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার সকালে নিজ কার্যালয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ১৬৬ কৃতি শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
নিজের বিলাসিতা নয়, দেশের গরীব মানুষের ভাগ্য উন্নয়নে শিক্ষার্থীদের কাজ করতে হবে বলেও জানান শেখ হাসিনা।
নিজ কতর্ব্যের প্রতি দায়িত্বশীল থেকে দেশকে সামনে এগিয়ে নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, স্বাধীনতার পরপরই নারী শিক্ষার প্রতি গুরুত্ব দিয়েছিলেন জাতির পিতা। প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করেছিলেন আর এর ধারাবাহিকতায় শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছে।
দেশকে সামনে এগিয়ে নিতে নিজেদের সততা, ত্যাগ আর নিষ্ঠার মাধ্যমে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী আরো বলেন, দেশের গরীব-দুঃখীদের কল্যাণে চিন্তা করা প্রত্যক শিক্ষার্থীর নৈতিক দায়িত্ব।
দেশের মানুষের সহযোগিতা ছাড়া দেশকে সামনে এগিয়ে নেয়া সম্ভব নয়— উল্লেখ করে তিনি বলেন, নিজের সততার ও সঠিক সিদ্ধান্তের কারণেই দেশের বিরুদ্ধে অতীতের সকল সড়যন্ত্র মোকাবেলা করা সম্ভব হয়েছে।
এ সময় সততার শক্তিতে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে আরো সামনে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন শেখ হাসিনা।
শিক্ষার বিস্তারে সরকারের নানা পদক্ষেপের কথা জানিয়ে তিনি বলেন, গ্রাম ও শহরে শিক্ষার বৈষম্য কমাতে প্রতিটি জেলায় একটি করে বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে।
এবারে দেশের ৩৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ে প্রতিটি অনুষদে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ১৬৬ শিক্ষার্থীকে নিজ কার্যালয়ে স্বর্ণপদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।