ভূমিকম্পে নড়াইলের লোহাগড়ায় স্কুল ভবনের দেয়ালে ফাটল দেখা দিয়েছে— এ অবস্থায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বিদ্যালয়টি।
এখন শিক্ষার্থীদের পাঠদান চলছে খোলা মাঠে। এতে ফিকে হয়ে গেছে শিক্ষার্থীদের নতুন বই পাওয়ার আনন্দ। দ্রুত বিদ্যালয়টি সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
গত ১ জানুয়ারি দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের মতো নতুন বই হাতে পাওয়ার আনন্দ ছিল নড়াইলের দুর্গম চরাঞ্চল লোহাগড়া উপজেলার চরপাচাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝেও।
তবে এ আনন্দ-উৎসবের রেশ না কাটতেই গত ৪ জানুয়ারির ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয় বিদ্যালয়টির ভবন। দেয়ালে দেখা দিয়েছে ফাটল। খসে পড়েছে দেয়ালের প্লাস্টার। মরিচা ধরেছে বিমের রডগুলোতেও। এতে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ।
এ অবস্থায় শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে খোলা আকাশের নিচে ক্লাস নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
বিদ্যালয়টি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন অভিভাবকেরা।
এদিক, দ্রুত বিদ্যালয়ের ক্ষতিগ্রস্ত ভবনের সংস্কার করা হবে বলে জানিয়েছেন নড়াইলের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জেছের আলী।