উপযুক্ত মর্যাদা প্রদান ও বেতন বৈষম্য দূর করা না হলে রোববার থেকে ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শিক্ষক সমিতি।
শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডা. মিল্টন হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির উদ্যোগে অষ্টম বেতন কাঠামোয় অসংঙ্গতি দূর করার বিষয়ে আলোচনা সভা শেষে এ ঘোষণা দেয়া হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, দেশকে একটি সফল রাষ্ট্রে পরিণত করতে হলে প্রয়োজন মেধার মূল্যায়ন। এ আন্দোলন অর্থের জন্য নয় এটি মর্যাদার আন্দোলন।
আমলারা এ সংকট তৈরির অন্যতম কারিগর উল্লেখ করে দ্রুত এ সমস্যা সমাধানে নীতি নির্ধারকদের কাজ করার আহ্বান জানান পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতারা।
পরে বিশ্ববিদ্যালয়ের চত্বর থেকে একটি মৌন মিছিল বের করা হয়।
নতুন বেতন কাঠামোতে সিলেকশন গ্রেড বহাল ও বৈষম্য নিরসনের দাবিতে গত ১১ জানুয়ারি থেকে দেশের সরকারি ও স্বায়ত্ত্বশাসিত ৩৭টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি শুরু করে।