সরকারের অনুমোদন না নিয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কাছ থেকে বর্ধিত বেতন ও ফি আদায় না করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ নির্দেশনা দেয়া হয়েছে।
নতুন বছরের শুরুতে হঠাৎ করে বেতন-ফি বাড়ানোয় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, সরকারের নির্দেশনা ছাড়াই বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কাছ থেকে বর্ধিত হারে মাসিক বেতন ও অন্যান্য ফি আদায় করা হচ্ছে। এর ফলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা অনুযায়ী সরকারের নির্দেশনা সাপেক্ষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পরিচালনা পর্যদকে বেতন ও ফিসের হার নির্ধারণ করতে হবে বলেও আদেশে বলা হয়েছে।
এ প্রেক্ষাপটে সরকার কর্তৃক পরবর্তী নির্দেশনা প্রদান না করা পর্যন্ত শিক্ষার্থীদের বর্ধিত বেতন ও অন্যান্য ফি আদায় অবিলম্বে বন্ধ করার জন্য সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে নির্দেশ প্রদান করা হয়েছে।
বেতন-ফি নিয়ে সরকার শিগগিরই নির্দেশনা দেবে বলেও আদেশে উল্লেখ রয়েছে।
নতুন বেতন কাঠামোতে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ার যুক্তি দেখিয়ে ঢাকা ও চট্টগ্রামের অধিকাংশ বেসরকারি স্কুল-কলেজে শিক্ষার্থীদের বেতন এবার ব্যাপক হারে বাড়ানো হয়েছে যার প্রতিবাদে রাস্তায় নামেন অভিভাবকরা।