আগামী ১ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানেরপরীক্ষায় অংশ নিচ্ছে ১৬ লাখ ৫১ হাজার ৫২৩ জন শিক্ষার্থী। শনিবার সকালে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ কথা বলেন।
নুরুল ইসলাম নাহিদ বলেন, প্রশ্নপত্র ফাঁস রোধে ও অন্যান্য অনিয়মের বিষয়ে এবার কঠোর পদক্ষেপ নেয়া হয়েছে। শিক্ষার মান উন্নয়ন হওয়ায় গত বছরের তুলনায় এবার ১ লাখ ৭২ হাজার ২৫৭ জন পরীক্ষার্থী বেড়েছে।
এ সময় পরীক্ষার খাতা যথাযথভাবে মূল্যায়ন করার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান শিক্ষামন্ত্রী।
প্রসঙ্গত, এ বছর এসএসসি পরীক্ষায় ১৩ লাখ ৪ হাজার ২৭৪ জন, দাখিলে ২ লাখ ৪৮ হাজার ৮৬৫ জন এবং ভোকেশনালে ৯৮ হাজার ৩৮৪ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এছাড়া এবারই প্রথম অটিস্টিক এবং ডাউন সিনড্রোমে আক্রান্ত্র ৭ জন পরীক্ষায় অংশ নিচ্ছে।
এ বছর থেকে এসএসসি পরীক্ষায় প্রথমে বহুনির্বাচনী ও পরে তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। পাশাপাশি এবার বাংলা ২য় এবং ইংরেজি ১ম ও ২য় পত্র ছাড়া সকল বিষয়ে সৃজনশীল প্রশ্নে পরীক্ষা নেয়া হচ্ছে।