মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে আজ। সোমবার সকাল ১০টায় সারাদেশে ৩ হাজার ১৪৩টি কেন্দ্রে পরীক্ষা শুরু হয়েছে।
এবারের ৮টি সাধারণ শিক্ষা বোর্ডসহ ১০টি বোর্ডে নিয়মিত ও অনিয়মিত মোট পরীক্ষার্থী ১৬ লাখ ৫১ হাজার ৫২৩ জন।
এবার এসএসসি পরীক্ষায় বহুনির্বাচনী (এমসিকিউ) অংশের পরীক্ষা আগে হচ্ছে। পরে হচ্ছে সৃজনশীল অংশের পরীক্ষা। দুই অংশের পরীক্ষার মাঝে ১০ মিনিট সময়ের ব্যবধান থাকছে। এত দিন সৃজনশীল অংশ আগে হতো, পরে এমসিকিউ অংশ হতো।
ঘোষিত সময়সূচি অনুযায়ী এসএসসির তত্ত্বীয় পরীক্ষা আগামী ৮ মার্চ শেষ হবে। আর ব্যবহারিক পরীক্ষা ৯ মার্চ থেকে শুরু হয়ে ১৪ মার্চ শেষ হবে।
এবার বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র ছাড়া সব বিষয়ে সৃজনশীল প্রশ্নে পরীক্ষা নেয়া হচ্ছে। গত বছর থেকে গণিত ও উচ্চতর গণিত বিষয়ে সৃজনশীল প্রশ্নে পরীক্ষা নেয়া হচ্ছে।
গত বছর শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা নামে নতুন একটি বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে, যা সৃজনশীল প্রশ্নে পরীক্ষা হচ্ছে।