চলতি বছরে সরকারের গৃহীত পদক্ষেপের ফলে প্রশ্নপত্র ফাঁস সম্ভব হবে না—এ আশা করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, শিক্ষার্থী ও অভিভাবকদের কোনো গুজবে কান না দেয়ার আহ্বান জানিয়েছেন।
সোমবার রাজধানীতে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরুর দিনে রাজধানীর তেজগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
নাহিদ বলেন, যে ব্যবস্থা আমরা নিয়েছি, আমরা আশাবাদী, প্রশ্ন ফাঁস করা সম্ভব না।
শিক্ষার্থী ও অভিভাবকদের শিক্ষামন্ত্রী বলেন, ‘ফেইসবুকে ভুয়া প্রশ্নপত্র ছড়ানো হলে বিটিআরসি ব্যবস্থা নেবে— দয়া করে গুজবে কান দেবেন না, কোনো ভ্রান্তিতে পড়বেন না।’
তিনি বলেন, প্রশ্নপত্র তৈরি ও বিতরণের ক্ষেত্রে বেশ কিছু কৌশল অবলম্বন করা হচ্ছে—এ কৌশলের ফলে কোন প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা হবে, তা সচিব বা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পক্ষেও জানা সম্ভব নয়।
পরীক্ষার উত্তরপত্রে ন্যায্য নম্বর দিতে ফের পরীক্ষকদের নির্দেশ মন্ত্রী বলেন, উত্তরপত্রে ন্যায্য নম্বর দেবেন— বেশি বা কম দেবেন না। কোনো পরীক্ষক বা কর্মকর্তা যদি উত্তরপত্রে বেশি নম্বর দেয়ার নির্দেশ দিয়ে থাকেন, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
এবার এসএসসি পরীক্ষায় বহুনির্বাচনী (এমসিকিউ) অংশের পরীক্ষা আগে হচ্ছে—পরে সৃজনশীল অংশের পরীক্ষা এতদিন সৃজনশীল অংশ আগে হতো, পরে এমসিকিউ অংশ।
শিক্ষামন্ত্রী বলেন, এমসিকিউ অংশের পরীক্ষায় অসৎ পন্থা অবলম্বনের সুযোগ বন্ধ করতে এ ব্যবস্থা নেয়া হয়েছে।
আগামী বছর থেকে এসএসসি পরীক্ষায় এমসিকিউ অংশের নম্বর ১০ কমানো হবে বলেও উল্লেখ করেন মন্ত্রী।
নুরুল ইসলাম নাহিদ বলেন, অটিস্টিক, সেরিব্রালপালসি ও ডাউন সিনড্রোম রোগে আক্রান্ত বেশ কয়েকজন শিক্ষার্থী এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে। এসব শিক্ষার্থীকে অন্যদের চেয়ে ৩০ মিনিট অতিরিক্ত সময় দেয়া হয়েছে।
প্রথম দিন এসএসসিতে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র, সহজ বাংলা প্রথম পত্র এবং বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি প্রথম পত্র, মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে কুরআন মাজিদ ও তাজবীদ এবং এসএসসি ভোকেশনালে বাংলা-২ (১৯২১) (সৃজনশীল) ও বাংলা-২ (৮১২১) (সৃজনশীল) এবং দাখিল ভোকেশনালে বাংলা-২ (১৭২১) (সৃজনশীল) বিষয়ের পরীক্ষায় বসেছে শিক্ষার্থীরা।
সারাদেশে ৩ হাজার ১৪৩টি কেন্দ্রে আজ সকাল ১০টা থেকে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।
এবারের পরীক্ষায় আটটি সাধারণ শিক্ষা বোর্ডসহ ১০টি বোর্ডে নিয়মিত ও অনিয়মিত মিলে মোট পরীক্ষার্থী ১৬ লাখ ৫১ হাজার ৫২৩ জন।
ঘোষিত সময়সূচি অনুযায়ী এসএসসির তত্ত্বীয় পরীক্ষা আগামী ৮ মার্চ শেষ হবে। আর ব্যবহারিক পরীক্ষা ৯ মার্চ থেকে শুরু হয়ে ১৪ মার্চ শেষ হবে।
পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: