আগামী ২৩ ফেব্রুয়ারির মধ্যে দাবি পূরণ না হলে পরবর্তী করণীয় ঠিক করার কথা জানিয়ে সরকারকে আবারো সময় বেধে দিয়েছেন সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা।
বৃহস্পতিবার বেতন ও গ্রেড-সংক্রান্ত সমস্যা নিরসনের দাবিতে আন্দোলনরত বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
এর আগে ফেডারেশনের নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে সাধারণ সভা করেন।
ফেডারেশনের পক্ষ থেকে বলা হয়েছে, দাবির বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষক নেতাদের ফের বৈঠক হওয়ার কথা রয়েছে— বৈঠকে তারা তাদের অবস্থান জানাবেন এরপর ২৩ ফেব্রুয়ারির মধ্যে দাবি পূরণ না হলে তারা পরবর্তী করণীয় ঠিক করবেন।
দাবি আদায়ের লক্ষ্যে গত মাসে লাগাতার কর্মবিরতি পালন করেন তারা। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্বাসে তারা কর্মবিরতি স্থগিত করে ক্লাসে ফেরেন।
ওই সময় ফেডারেশনের পক্ষ থেকে বলা হয়, ৩ ফেব্রুয়ারির মধ্যে সরকার তাদের দাবি পূরণ করবে বলে তাদের আশা। আর তা না হলে তারা পর্যালোচনা সভা করে পরবর্তী করণীয় ঠিক করবে। তারই ধারাবাহিকতায় আজ- বৃহস্পতিবার সরকারকে নতুন করে সময় দিয়েছেন শিক্ষকেরা।