নিম্নমানের কাগজ, দুর্বল বাধাই ও অনেক পাতা না থাকায় বছরের প্রথম দিন নতুন বই হাতে পাওয়ার আনন্দ ম্লান হয়েছে নড়াইলের শিক্ষার্থীদের। এতে যেমন ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থীরা, তেমনি হতাশ হয়েছেন শিক্ষক ও অভিভাবকরা।
নড়াইল জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্যমতে, জেলার ৪৮৮টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বছরের প্রথম দিন বিনামূল্যে ৫ লাখ ১২ হাজার বই বিতরণ করে সরকার। নতুন বই হাতে পেয়ে আনন্দে উচ্ছ্বসিত হয় শিক্ষার্থীরা।
তবে বিতরণকৃত বইয়ের মধ্যে বিশেষ করে ৪র্থ ও ৫ম শ্রেণির বই নিয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে শিক্ষার্থীদের। তাদের অভিযোগ, নিম্নমানের কাগজ, দুর্বল বাধাই, ছেড়া বই, একই পাতার একাধিকবার ব্যবহার, অনেক পাতা ও ফর্মা না থাকার সমস্যা রয়েছে বইগুলোতে।
পাঠ্যবইয়ের এসব সমাস্যার কারণে দুর্ভোগ পোহাতে হয় শিক্ষকদেরও।
এদিকে, পাঠ্যবইয়ের সমস্যার কাথা স্বীকার করে সমস্যা সমাধানে আশ্বাস দিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জেসের আলী।