শিক্ষার্থীদের কাছ থেকে বেশি টাকা নেয়ার বিষয়ে কোনো জবাব না দেয়ায় ১২০৯টি শিক্ষাপ্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে—উল্লেখ করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ৩০ দিনের মধ্যে সন্তোষজনক জবাব না দিলে ওইসব প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি বাতিল করা হবে।
রোববার এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, এসএসসি পরীক্ষার ফরম পূরণে বেশি টাকা নেয়ার অভিযোগ রয়েছে মোট ৩ হাজার ৩৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে। গত ৩ ফেব্রুয়ারি এইসব প্রতিষ্ঠানকে সব বাড়তি টাকা ফেরত দিতে নির্দেশ দেয়া হয়। ৮৩০টি শিক্ষাপ্রতিষ্ঠান অতিরিক্ত অর্থ ফেরত দিয়েছে। আর ৯৯৯টি শিক্ষাপ্রতিষ্ঠান জানিয়েছে, তারা বোর্ড নির্ধারিত ফির অতিরিক্ত আদায় করেনি। এসব তথ্য এখন পরীক্ষা করা হচ্ছে।
মন্ত্রী বলেন, যারাই আইন-কানুন অমান্য করবে, তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।
এদিকে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মাসিক বেতন বেশি নেয়ার বিষয়ে নাহিদ বলেন, এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর প্রতিবেদন দিয়েছে। এ ছাড়া সরকারের আরেকটি মাধ্যমে এ বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়েছে। সেগুলো এখন যাচাই-বাছাই করা হচ্ছে। সেই অনুযায়ী পরে ব্যবস্থা নেয়া হবে।