দুর্নীতির কারণে শিক্ষাকে বাণিজ্যকীকরণ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশন-দুদকের কর্মকর্তারা—সব স্তরে দুর্নীতি থাকায় আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব হচ্ছে না বলেও মত তাদের।
রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দুদকের সমাবেশে সমাজকে দুর্নীতি মুক্ত করতে নতুন প্রজন্মকে শিক্ষার মাধ্যমে সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তোলার আহবানও জানান তারা।
দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে রোববার রাজধানীতে সততা সংঘের সমাবেশের আয়োজন করে দুর্নীতি দমন কমিশন।
এতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ দেশকে দুর্নীতি মুক্ত করতে প্রতিটি মানুষকে নৈতিক মূল্যবোধ অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।
এরজন্য বিশ্বমানের শিক্ষা অর্জন করতে শিশু-কিশোরদের প্রতি আহবানও জানান মন্ত্রী।
দুর্নীতিগ্রস্ত মানুষ দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করছে উল্লেখ করে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ লোভ লালসা থেকে দূরে থাকতে নতুন প্রজন্মের প্রতি আহবান জানান।
এসময় সমাজের সব স্তরে দুর্নীতি থাকায় আইনের শাসন প্রতিষ্ঠা সম্ভব হচ্ছে না বলেও মন্তব্য করেন দুদক কমিশনাররা।