সড়ক দুর্ঘটনায় ছাত্র নিহতের জের ধরে ৮ দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের ছয় দিনের মাথায় সংঘর্ষের আশঙ্কায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
বিকেল ৩টার মধ্যে ছাত্রদের ও আগামীকাল সকাল ১০টার মধ্যে ছাত্রীদের হলত্যাগের নির্দেশ দিয়েছে প্রশাসন।
গত ২৯ মার্চ কাপ্তাই সড়কের মদুনাঘাট এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা যায় বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের ছাত্র মোহাইমিনুল ইসলাম।
এর প্রতিবাদে পরদিন থেকেই কাপ্তাই সড়ক চারলেন করাসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা।
আজ সকালেও বিক্ষোভ করেছে তারা তারই পরিপ্রেক্ষিতে দুপুরে সিন্ডিকেটের এক সভায় বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত নেয়।
ত ২৯ মার্চ সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় স্থাপত্য বিভাগ চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. মোহাইমিনুল ইসলাম সিয়াম নিহত হওয়ার পর থেকে ক্যাম্পাসে টানা আন্দোলনে রয়েছেন শিক্ষার্থীরা। আট দফা দাবিতে তাদের এই আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম কার্যত অচল হয়ে আছে। শিক্ষার্থীর আট দফা দাবির মধ্যে রয়েছে- দুর্ঘটনার জন্য দায়ী চালককে গ্রেপ্তার, চট্টগ্রাম নগরী থেকে ক্যাম্পাস পর্যন্ত বিআরটিসি বাস চালু, ছয় নম্বর রুটের মিনিবাস রুটকে মদুনাঘাট থেকে বাড়িয়ে বিশ্ববিদ্যালয় গেইট পর্যন্ত করা।
কাপ্তাই রোডে তিন চাকার লেগুনা, অনিবন্ধিত অটোরিকশা চলাচল বন্ধ, স্পিড ব্রেকার ও ট্রাফিক চেকপোস্ট স্থাপন, রাস্তার সম্প্রসারণ ও সংস্কার এবং বিশ্ববিদ্যালয়ে মেডিকেল সেন্টার স্থাপন ও অ্যাম্বুলেন্স রাখার দাবিও আছে তাদের।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালক আশুতোষ সাহার অপসারণের দাবিও যোগ করা হয়েছে এই আট দফার মধ্যে।
সর্বশেষ বুধবার রাউজান উপজেলার নোয়াপাড়া পথেরহাট এলাকায় আরেক সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের কম্পিউপর প্রকৌশল বিভাগের প্রভাষক শায়লা শারমিন, ফারজানা ইফু ও নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জারিন তাসনিম অর্পা আহত হন।