রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজী বিভাগের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যাকাণ্ডের প্রতিবাদে শিক্ষক সমিতি তাদের কর্মসূচি স্থগিত রাখলেও শিক্ষার্থীদের ক্লাস বর্জন কর্মসূচি আজও-বুধবার অব্যাহত রয়েছে।
তাদের সঙ্গে শামিল রয়েছে প্রগতিশীল ছাত্রজোট ও কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট। তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে ঢাকা-রাজশাহী মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করেন।
সকালে ইংরেজি বিভাগের সামনে একটি মৌন মিছিল বের করেন তারা। প্রগতিশীল ছাত্রজোট ও কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরাও অংশ নেন এতে।
বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে ঢাকা-রাজশাহী মহাসড়ক এক ঘণ্টার জন্য অবরোধ করে রাখেন তারা।
এদিকে, এ হত্যাকাণ্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে এ পর্যন্ত তিন জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে একজনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনা তদন্তে সবদিক গুরুত্বের সঙ্গে বিবেচনা করে কাজ করছে পুলিশ।
গত শনিবার সকাল সাড়ে ৭টার বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য বের হলে বাসার কিছু দূরে অধ্যাপক রেজাউল করিমকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই দিন বিকেলে নগরীর বোয়ালিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের ছেলে রিয়াসাদ ইমতিয়াজ সৌরভ। হত্যাকাণ্ডের সঙ্গে ইসলামি চরমপন্থিরা জড়িত থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।