আইন বিভাগের সকল বর্ষের শিক্ষার্থীদের জন্য ক্লিনিক্যাল লিগাল এডুকেশন জরুরি—উল্লেখ করে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, এর ফলে আইনের ছাত্রদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তবভিত্তিক ব্যবহারিক জ্ঞানের পরিধি বাড়বে।
মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আইন বিভাগ আয়োজিত ক্লিনিক্যাল লিগ্যাল এডকেশন প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আগামীতে এটি পাঠ্যক্রমে বাধ্যতামূলক করার ওপর গুরুত্ব দিয়ে স্পিকার বলেন, শিক্ষা বিনিময় কর্মসূচির আওতায় অন্যান্য দেশের ল' ক্লিনিকে এদেশের আইনের ছাত্রদের পরিদর্শনের সুযোগ তৈরি করবে।
শিরীন শারমিন আরো বলেন, এর ফলে ভবিষ্যতের আইনজীবীদের বাস্তবতার নিরিখে কাজ করার ভিত্তি তৈরি হবে।
এছাড়া অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, এ কার্যক্রম প্রান্তিক জনপদের অপেক্ষাকৃত দুর্বল মানুষের কাজে আসবে। আইন বিভাগে পুনরায় চালু হওয়া এ কার্যক্রমে সহযোগী হিসেবে থাকছে ব্লাস্ট।