জাতীয় শিক্ষানীতি অনুযায়ী অষ্টম শ্রেণি পর্যন্ত সব ধরনের শিক্ষা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার— বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
বুধবার সচিবালয়ে জাতীয় শিক্ষানীতি বাস্তবায়ন ও মনিটরিং কেন্দ্রীয় কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, এটি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত— বাংলাদেশে এর আগে এতো বড় মৌলিক সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে একটি সার-সংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে। এরপর প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
প্রসঙ্গত, বর্তমানে পঞ্চম শ্রেণি পর্যন্ত গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হচ্ছে। শিক্ষার অন্যান্য স্তর শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে রয়েছে।
২০১০ সালের শিক্ষানীতিতে ২০১৮ সালের মধ্যে প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণিতে উন্নীত করার কথা বলা হয়েছে।