নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে মারধর ও কান ধরে উঠ-বস করানোর প্রতিবাদ জানিয়ে নিউইয়র্কে মানববন্ধন করেছে প্রবাসীদের কয়েকটি সংগঠন।
শনিবার জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় ‘উই আর স্যরি স্যার’ ব্যানারে বাংলাদেশ মাইনরিটি রাইটস মুভমেন্ট, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, গণজাগরণ মঞ্চ-নিউইয়র্ক, সম্মিলিত সাংস্কৃতিক জোট যুক্তরাষ্ট্র শাখা, সম্প্রীতি মঞ্চ ও উদীচী শিল্পী গোষ্ঠী এ কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে অংশ নেয়া প্রবাসীরা শিক্ষক অবমাননার ঘটনায় নারায়ণগঞ্জের সংসদ সদস্য সেলিম ওসমানের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তারা নারায়ণগঞ্জ থেকে ‘ওসমান পরিবারের ত্রাসের রাজত্বের অবসানে’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপও কামনা করেন।
বক্তারা গণমাধ্যমে প্রকাশিত অডিও টেপ সেলিম ওসমান ‘যে জঘন্য ভাষায় এক সাংবাদিককে গালিগালাজ করেছেন’ তার নিন্দা জানান এবাং এ ‘অসভ্য’ আচরণের জন্য সাংসদকে ‘বর্জন’ করতে গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানান।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম সিদ্দিকী হত্যা, বাগেরহাটে ‘ধর্ম অবমাননার’ অভিযোগে দুই শিক্ষকের কারাদণ্ড, কুষ্টিয়ায় হোমিও চিকিৎসক হত্যা, ধামরাইয়ে নারী শিক্ষক লাঞ্ছনা, বৌদ্ধভিক্ষু-ইমাম-পুরোহিতসহ ব্লগার ও ভিন্ন মতাবলম্বীদের হত্যারও প্রতিবাদ জানানো হয় এ কর্মসূচি থেকে।
দেশে চলমান ‘হত্যা ও সন্ত্রাস’ রোধে সরকারকে আরও কঠোর ভূমিকা নেওয়ার আহ্বান জানান অংশগ্রহণকারীরা।
মানববন্ধনে বক্তব্য দেন সৈয়দ মুহম্মদ উল্লাহ, শিতাংশু গুহ, নবেন্দু দত্ত, টমাস দুলু রায়, সুব্রত বিশ্বাস, দর্পণ কবীর, মিথুন আহমেদ, মিনহাজ সাম্মু, শিবলু সাদিক ও স্বীকৃতি বড়ুয়া।
এদিকে, দেশে তার শারিরীক অবস্থা এখন অনেকটাই ভাল, তবে প্রচণ্ড মানসিক চাপে রয়েছেন বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের কর্তব্যরত চিকিৎসকরা।
লাঞ্ছনার প্রতিবাদে রাজধানীসহ সারাদেশে ক্ষোভ-প্রতিবাদ চলছেই— এ ঘটনায় সংসদ সদস্য সেলিম ওসমানকে গ্রেপ্তার ও সংসদ সদস্য পদ বাতিলের দাবি জানিয়েছেন শিক্ষাবীদ, রাজনীতিকরা।
শনিবার বিকেলে রাজধানীর শাহবাগে মাবনবন্ধন থেকে সম্মিলিত সামাজিক আন্দোলনের পক্ষ থেকে ৫ দফা দাবি পেশ করেছে। একই দাবিতে মানববন্ধন হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও যশোরেও।
শুক্রবার তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
গত ১৩ মে সম্প্রতি ধর্ম নিয়ে কটুক্তির অভিযোগ তুলে স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমানের উপস্থিতিতে নারায়নগঞ্জে প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে জনসমক্ষে লাঞ্ছনা করা হয়।