ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য এবার বাংলার পাশাপাশি তাদের পাঁচটি ভাষায় পাঠ্যবই ছাপানো হচ্ছে—তবে এবার শুধুমাত্র প্রথম শ্রেণীর বই এসব ভাষায় ছাপানো হবে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
মঙ্গলবার বিকেলে রাজধানীর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে অনুষ্ঠিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
আর প্রতিবন্ধীদের জন্য ব্রেইল পদ্ধতির বই এবার বিনামূল্যে বিতরণের উদ্যোগ নিয়েছে সরকার বলে জানান তিনি।
এনসিটিবির তথ্য অনুযায়ী ২০১৭ সালের সাড়ে চার কোটি শিক্ষার্থীর জন্য প্রাথমিক ও মাধ্যমিক স্তর মিলিয়ে ৩৬ কোটি ৩ লাখ ১৮ হাজার ৯৭৯টি বই ছাপানো হবে। এরমধ্যে এবারই প্রথম ব্রেইল পদ্ধতিতে ৭৬ টি বিষয়ের জন্য ৯ হাজার ৬৬টি বই ছাপা হচ্ছে। এছাড়াও এবারই প্রথম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য ৬০ লাখ টিচার্স গাইড ছাপানো হচ্ছে। আর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য টিচার্স কারিক্যুলাম গাইড ছাপানো হচ্ছে ৪০ লাখ।