শিক্ষা

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় পরিদর্শনে ইউজিসি প্রতিনিধি দল

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়

রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় ও শোলাকিয়ায় ঈদের দিন সন্ত্রাসী হামলায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নাম আসার বৃহস্পতিবার ওই শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) একটি প্রতিনিধি দল।

ইউজিসির উপপরিচালক –জনসংযোগ কর্মকর্তা ওমর ফারুক বলেন, বেলা ১২টার দিকে চার সদস্যের প্রতিনিধি দলটি রাজধানীর বসুন্ধরায় স্থাপিত এ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যান।

তিনি বলেন, প্রতিনিধি দলে আছেন কমিশনের সদস্য দিল আফরোজা বেগম, শাহনেওয়াজ আলি, বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিটের উপপরিচালক জেসমিন পারভীন ও জ্যেষ্ঠ সহকারী পরিচালক বিষ্ণু মল্লিক।

বাংলাদেশের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান জানিয়েছেন, এ পটভূমিতেই তারা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জঙ্গিবাদের সম্পর্কের বিষয়টি খতিয়ে দেখতে চাইছেন।

বার বার বিভিন্ন জঙ্গি হামলার ঘটনায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নাম আসছে— জঙ্গিদের কেউ আগে এখানে ছাত্র ছিল, কেউ এখনো ছাত্র আছে। এর আগে ব্লগার রাজীব হত্যার পর যে ছয়জনকে ধরা হয়েছিল, তাদের সবাই ছিল নর্থ সাউথের ছাত্র। কেন এটা ঘটছে তা তদন্ত সাপেক্ষ। এটা কি শিক্ষকদের কারণে, নাকি পরিচালনা পরিষদের আশকারার কারণে হচ্ছে, সেটা তদন্ত করে দেখা হবে।

অধ্যাপক আবদুল মান্নান বলেন, নর্থ সাউথে বিশ হাজার ছেলে মেয়ে পড়ছে। সবাইকে তো আর জঙ্গী বলতে পারি না। কিন্তু যে কোনো কারণেই হোক, তাদের মধ্যে কিছু ছেলে জঙ্গি কাজে জড়িয়ে পড়ছে। অতীতেও হয়েছে, এখনো পড়ছে। অর্থাৎ কোনো একটি কারণে, ওখানে হয়তো জঙ্গিবাদের কালচারটা হচ্ছে।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় অবশ্য ঢাকার সংবাদপত্রগুলোতে আজ বিজ্ঞাপন দিয়ে জঙ্গি হামলার সঙ্গে জড়িতদের সঙ্গে তাদের প্রতিষ্ঠানের সম্পর্কের কথা অস্বীকার করেছে।

পত্রিকায় ছাপানো বিবৃতিতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, গুলশান এবং শোলাকিয়ার হামলায় অংশ নেয়া নিবরাস ইসলাম এবং আবির রহমান এক সময়ে নর্থ সাউথে পড়লেও দীর্ঘ অনুপস্থিতির কারণে তাদের ছাত্রত্ব বাতিল করা হয়েছে।

গুলশান হামলার ঘটনায় সন্দেহভাজন হিসেবে পুলিশ যাদের জিজ্ঞাসাবাদ করছে সেই জিম্মিদের একজন হাসনাত করিমও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নয় বলে জানিয়েছে তারা।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরো বলেন, কিছু বিপথগামী যুবকের ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার ঘটনায় তারাও উদ্বিগ্ন এবং এ নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের গৃহীত পদক্ষেপের সঙ্গে তারা সহযোগিতা করবেন।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বলেন, গতবছর অন্য কিছু প্রশাসনিক এবং আর্থিক অনিয়ম তদন্তের সময় তাদের তদন্ত দল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে এমন কিছু বই পেয়েছেন, যা হিজবুত তাহরিরের মতো সংগঠনের মতাদর্শ প্রচার করে। তিনি বলেন, এসব কারণে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

তিনি বলেন, তদন্তে হয়তো এসব বিষয় আসবে।

কোনো বিশ্ববিদ্যালয় জঙ্গি তৎপরতায় জড়িত বলে প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ক্ষমতা মঞ্জুরি কমিশনের আছে বলে জানান তিনি।

বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনেই আছে তারা সন্ত্রাসী বা জঙ্গি কার্যকলাপে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কোনোভাবেই কোনো পৃষ্ঠপোষকতা করতে পারবে না। তবে তিনি জানান, কোন বিশ্ববিদ্যালয় এটা করলে তাদের কি হবে সেটা অবশ্য আইনে লেখা নেই।

এর আগে গত ১৯ আগস্ট জঙ্গিবাদী কার্যক্রম এবং আর্থিক অনিয়ম বিষয়ক তথ্যের সত্যতা যাচাইয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়টি পরিদর্শন করেন ইউজিসির একটি প্রতিনিধি দল।

ওইসময় বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে বেশ কিছু নিষিদ্ধ জঙ্গিবাদী বই তারা পান এবং সে বিষয়ে কর্তৃপক্ষ সদুত্তর দিতে পারেনি।

তারপর শিক্ষা মন্ত্রণালয় বরাবার এই বিশ্ববিদ্যালয় সংক্রান্ত একটি প্রতিবেদন পাঠিয়েছিল ইউজিসি। কিন্তু মন্ত্রণালয় থেকে কোনো ‘ফিডব্যাক’ পাওয়া যায়নি।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতিবেদন আমলে নিয়ে ব্যাখ্যা চেয়ে গতবছরই নর্থ সাউথকে চিঠি পাঠিয়ে সময়সীমা বেধে দেয়া হয়। সে সময় শেষ হয় ৬ মাস আগে।

জঙ্গিবাদী কর্মকাণ্ডে এই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের জড়িত থাকার বিষয়টি প্রথম আলোচনায় আসে ২০১৩ সালে ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যার ঘটনায়। ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেপ্তার সাদমান ইয়াসির মাহমুদ, ফয়সাল বিন নাঈম দীপ, এহসান রেজা রুম্মান, মাকসুদুল হাসান অনিক, নাঈম ইরাদ ও নাফিজ ইমতিয়াজ সবাই ছিলেন বিশ্ববিদ্যালয়টির ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী।

গত ২০১৪ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ফেডারেল রিজার্ভ ব্যাংকে নাশকতার চেষ্টায় গ্রেপ্তার রেজওয়ানুল হাসান নাফিসও নর্থ সাউথের ছাত্র ছিলেন।

গত ১ জুলাই গুলশানে হামলাকারী যুবকদের সবাই বেশ কয়েক মাস ধরে নিখোঁজ ছিল, যাদের মধ্যে নিবরাজ ইসলাম ছিল নর্থ সাউথের ছাত্র।

এর এক সপ্তাহের মাথায় শোলাকিয়ায় হামলা চালাতে গিয়ে পুলিশের গুলিতে নিহত আবীর রহমানও একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তিনিও চার মাস আগে নিখোঁজ হন বলে পরিবার পরিজন জানায়।

গুলশানে উদ্ধার জিম্মিদের মধ্যে আবুল হাসনাত রেজা করিম ছিলেন নর্থ সাউথের সাবেক শিক্ষক, যাকে ওই ঘটনার এক ভিডিওর সূত্র ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্দেহ করা হচ্ছে। পুলিশ তাকে ছেড়ে দেওয়ার কথা বললেও পরিবার বলছে, তাকে তারা ফিরে পায়নি।

এদিকে, গুলশান ও শোলাকিয়ার ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নিখোঁজ যে ১০ জন যুবকের তালিকা দেয়া হয়েছে, তাদের মধ্যে জুন্নুন শিকদার এবং বাসারুজ্জামানও নর্থ সাউথের শিক্ষার্থী।

১৯৯২ সালে প্রতিষ্ঠিত দেশের প্রথম দিকের এ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বর্তমান প্রায় ২২ হাজার ছাত্র-ছাত্রী রয়েছে।

প্রসঙ্গত, গত ১ জুলাই (শুক্রবার) রাত পৌনে ৯টার দিকে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হত্যাযজ্ঞ চালায় জঙ্গিরা। ১২ ঘণ্টার শ্বাসরুদ্ধকর জিম্মি সংকটের রক্তাক্ত অবসান ঘটে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে সেনা নেতৃত্বাধীন সমন্বিত অভিযানের মাধ্যমে। অভিযান শেষে ঘটনাস্থল থেকে ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়, যাদের জঙ্গিরা আগেই ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেছিল।

এ ২০ জনের মধ্যে ১৭ জন বিদেশি নাগরিক ও ৩ জন বাংলাদেশি। উদ্ধার অভিযানে নিহত হয় আরও ছয় জন। এর আগে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে প্রথম দফা উদ্ধার অভিযান চালাতে গিয়ে নিহত হন পুলিশের দুই কর্মকর্তা। আহত হন কমপক্ষে ৪০ জন। এর এক সপ্তাহের মাথায় কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদগাহ ময়দানের এক কিলোমিটারের মধ্যে পুলিশের ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। ও্ইসময় দুই পুলিশ সদস্যসহ এক নারী নিহত হন। পরে পুলিশের সঙ্গে গুলিবিনিময়ে এক হামলাকারী নিহত হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ