জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের আরো এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। এর আগে বিশ্ববিদ্যালয়টির একই বিভাগের এক শিক্ষার্থীকে আটক করে পুলিশ।
ইফফাত আহমদ চৌধুরী নামের ওই শিক্ষার্থীকে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ক্যাম্পাস থেকে আটক করে ঢাকায় নিয়ে আসে কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা। সে বিশ্ববিদ্যালয়টির ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।
এর আগে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে একই বিভাগের আরো এক শিক্ষার্থীকে আটক করে কাউন্টার টেররিজম ইউনিট।
এদিকে, সোমবার দিবাগত রাতে গোপন বৈঠকের সময় চাঁপাইনবাবগঞ্জ সদরের চামা গ্রাম থেকে জামাত শিবিরের ২১ নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় ৩০টি ককটেল ও গানপাউডার উদ্ধার করা হয়।
নাশকতা প্রতিরোধে যশোরে পুলিশের বিশেষ অভিযানে জামাতের দুই কর্মীসহ ৬০ জনকে আটক করা হয়েছে।