রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিত ৩০ শিক্ষার্থীর তালিকা পুলিশের কাছে হস্তান্তর করেছে কর্তৃপক্ষ। এরা সবাই ড্রপআউট শিক্ষার্থী। তবে এদের কেউ জঙ্গি সংগঠনে জড়িত কি না সেই তথ্য নেই কর্তৃপক্ষের কাছে।
এদিকে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন অনুপস্থিত শিক্ষার্থীদের মধ্যে ৬ শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সঙ্গে কোনভাবেই যোগাযোগ করতে পারেনি কর্তৃপক্ষ।
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ১০ দিন বা তার বেশি ক্লাসে অনুপস্থিত শিক্ষার্থীদের বিষয়ে খোঁজখবর নিচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো। এরইমধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিত ৩০ শিক্ষার্থীর তালিকা পুলিশের কাছে হস্তান্তর করেছে কর্তৃপক্ষ।
এসব শিক্ষার্থীরা ২০০৯-১০, ১০-১১ ও ১১-১২ শিক্ষাবর্ষের। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ না করায় ড্রপআউট হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
তবে এদের কেউ জঙ্গি সংগঠনে যোগ দিয়েছে কি-না? সে তথ্য জানা নেই প্রশাসনের।
এদিকে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও অনুপস্থিত শিক্ষার্থীদের খোঁজ নেওয়া শুরু করেছে। টানা দশ দিন ক্লাসে অনুপস্থিত এমন শিক্ষার্থীদের তালিকা করে তাদের সঙ্গে যোগাযোগ করছে কর্তৃপক্ষ।
এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী জানিয়েছেন, তালিকায় অন্তর্ভুক্ত ছয় শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
তবে যোগাযোগের চেষ্টা অব্যাহত আছে। সেটা সম্ভব না হলে পুলিশের সাহায্য নেয়া হবে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: