৩৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে সরকারি কর্ম-কমিশন (পিএসসি)—মঙ্গলবার পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আগামী ৩০ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টা থেকে দুই ঘণ্টার এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রিলিমিনারি টেস্টের হল, আসন ব্যবস্থা এবং পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত নির্দেশাবলী যথাসময়ে সংবাদপত্র এবং কমিশনের ওয়েবসাইটের (www.psc.gov.bd) মাধ্যমে জানানো হবে।
পিএসসি সূত্র জানায়, পরীক্ষার সময় হাতঘড়ি, পকেট ঘড়ি, ইলেকট্রনিক ঘড়ি, মুঠোফোনসহ সব ধরনের ইলেকট্রনিক যোগাযোগযন্ত্র, ক্যালকুলেটর, বই-পুস্তক ও ব্যাগ আনা নিষিদ্ধ থাকবে। সময় জানার জন্য পরীক্ষার হলে প্রয়োজনীয়সংখ্যক দেয়াল ঘড়ি থাকবে। কারও কাছে এগুলো পাওয়া গেলে তা বাজেয়াপ্তসহ প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে। একই সঙ্গে পিএসসির ভবিষ্যৎ নিয়োগ পরীক্ষার জন্যও ওই প্রার্থীকে অযোগ্য ঘোষণা করা হবে।
গত ২৯ ফেব্রয়ারি ৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি, যাতে এক হাজার ২২৬ জনকে নিয়োগের কথা উল্লেখ করা হয়।
আগামী ৩১ মার্চ থেকে ২ মে পর্যন্ত আবেদন করেন প্রার্থীরা। প্রশাসন ক্যাডারে ৩০০ জন এবং পুলিশে ১০০ জনসহ মোট এক হাজার ২২৬ জনকে ৩৭তম বিসিএসের মাধ্যমে নিয়োগ দেয়া হবে।