সারারাত বিদ্যুৎ না থাকায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) আবাসিক ছাত্রদের ব্যাপক ভাঙচুর ও বাসে অগ্নিসংযোগের পর শনিবার বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাউন্সিলের জরুরি সভায় আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। পাশাপাশি বিকেল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আল নকীব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা দায়ের এবং ঘটনা তদন্তে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানা গেছে, বৃহস্পতিবার রাতে ঝড়ে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায। তারপর থেকে বিশ্ববিদ্যালয় এলাকায় বিদ্যুৎ ছিল না।
শুক্রবার রাতেও বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে সব আবাসিক হলের ছাত্ররা একযোগে বেরিয়ে আসে। তারা সারারাত ক্যাম্পাসে বিক্ষোভ করে এবং প্রশাসনিক ভবনে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে এক পর্যায়ে তারা বিশ্ববিদ্যালয়ের তিনটি বাসের আগুন দেয়।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে শনিবার সকালে প্রশাসনিক কাউন্সিলের জরুরি সভায় বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে ছাত্রছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দেয়। চলছে মামলার প্রস্তুতি।