জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের জন্য কেরানীগঞ্জে ছাত্রাবাস করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। রোববার সকালে সচিবালয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে এক বৈঠক শেষে তিনি এ তথ্য বলেন।
শিক্ষার্থীদের দাবির যৌক্তকতা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয় সংলগ্ন ছাত্রীদের জন্যও একটি ভবনও নির্মান করা হবে।
এ সময় শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের আবাসন সমস্যাও তুলে ধরা হয়। একই সঙ্গে অবৈধভাবে দখলে থাকা বিশ্ববিদ্যালয়ে ভবন ও জমি উদ্ধারের বিষয়েও অনুরোধ জানান শিক্ষকরা।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে একটি মাস্টার প্লান বাস্তবায়নের বিষয়েও আলোচনা হয়।
নতুন ছাত্রাবাস নির্মাণের দাবিতে গত কয়েকদিন ধরে আন্দোলন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ক্লাস ও পরীক্ষা বর্জনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ফটকে তালা ঝুলিয়ে প্রতিবাদও জানিয়েছে তারা।