সাঁইত্রিশতম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় দুই লাখ ৪৩ হাজার ৪৭৬ জন চাকরিপ্রার্থী অংশ নেবেন—জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
আগামী ৩০ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টা থেকে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুরের ১৯০টি কেন্দ্রে একযোগে ৩৭তম বিসিএসের দুই ঘণ্টার প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
কমিশনের জনসংযোগ কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান টুটুল এ তথ নিশ্চিত করেছেন।
পরিসংখ্যান অনুযায়ী ৩৭তম বিসিএসের প্রিলিমিনারিতে একটি পদের বিপরীতে সর্বোচ্চ সংখ্যক ১৯৯ জন প্রার্থী ২০০ নম্বরের এমসিকিউ পদ্ধতির পরীক্ষায় বসতে যাচ্ছেন।
গত ২৯ ফেব্রুয়ারি ৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসেবে এক হাজার ২২৬ জনকে নিয়োগ দেয়া হবে। এ হিসাবে ৩৭তম বিসিএসের প্রিলিমিনারিতে প্রতি পদের বিপরীতে চাকরিপ্রার্থী ১৯৮ দশমিক ৫৯ জন। আর এতে অংশ নিতে গত ৩১ মার্চ থেকে ২ মে পর্যন্ত প্রার্থীরা আবেদন করেন।
গত ৯ আগস্ট ৩৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার তারিখ এবং ২১ সেপ্টেম্বর পরীক্ষার আসন বিন্যাছস ও নির্দেশাবলী প্রকাশ করেছে পিএসসি বলে জানান কর্মকর্তা।
এর আগে ৩৬তম বিসিএসে দুই হাজার ১৮০টি পদের বিপরীতে দুই লাখ ১১ হাজার ৩২৬, ৩৫তম বিসিএসে এক হাজার ৮০৩টি পদের বিপরীতে দুই লাখ ৪৪ হাজার ১০৭ এবং ৩৪তম বিসিএসে দুই হাজার ৫২টি পদের জন্য দুই লাখ ২১ হাজার ৫৭৫ জন প্রিলিমিনারিতে অংশ নেন।
পদ ও আবেদনকারীর সংখ্যানুযায়ী ৩৬তম বিসিএসের প্রিলিমিনারিতে প্রতি পদের বিপরীতে ৯৭ জন, ৩৫তম প্রিলিমিনারিতে ১৩৫ জন এবং ৩৪তম প্রিলিমিনারিতে ১০৮ জন প্রার্থী অংশ নিয়েছিলেন।