ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আজ (শুক্রবার)। রাজধানীর ৫৫টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষায় অনুষ্ঠিত হয়। পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলেও একটি প্রশ্নপত্রের সেটে ঘটেছে বিভ্রাট।
তবে সংশ্লিষ্ট প্রশ্নে শিক্ষার্থীদের সবাইকে সমানভাবে মূল্যায়ন করা হবে বলেই জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের প্রশ্ন বিভ্রাটের ঘটনাকে অনাকাঙ্খিত বলে মন্তব্য করেছেন অভিভাবক ও শিক্ষার্থীরা।
সকালে রাজধানীর ৫৫টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়েছে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা। এবারের পরীক্ষায় ১২৫০টি আসনের বিপরীতে ৪৩ হাজার ৬৪ জন শিক্ষার্থী অংশ নেয়।
ঘণ্টাব্যাপী পরীক্ষা শেষে শিক্ষার্থীরা জানান, প্রশ্নপত্রে ফিন্যান্স অংশের একটি সেটে প্রশ্ন বিভ্রাটের ঘটনা ঘটেছে। তবে সার্বিকভাবে পরীক্ষা ভালো হয়েছে বলেও দাবি করেন তারা।
অভিভাবকরা বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের ভুল অনাকাঙ্খিত, ভবিষ্যতে এ ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে সেবিষয়ে সতর্ক থাকার কথা জানান তারা।
তবে ঘটনাটিকে স্বীকার করে সংশ্লিষ্ট অনুষদের ডীন বলেন, ছাপার কারণে প্রশ্নপত্রে যে ভুল হয়েছে সেজন্য সংশ্লিষ্ট প্রশ্নটিতে সবাইকে সমানভাবেই মূল্যায়ন করা হবে।