প্রায় ৯ লাখ শিক্ষার্থী এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেও সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে আসন রয়েছে সাড়ে ৫ লাখেরও কম। এ হিসেবে উচ্চশিক্ষা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ে জায়গা হবে না বাকি সাড়ে ৩ লাখ শিক্ষার্থীর।
তবে কাঙ্খিত মান, বিষয় ও প্রতিষ্ঠানে পড়াশোনা করতে না পারলেও উচ্চশিক্ষা থেকে শিক্ষার্থীরা বঞ্চিত হবে না বলে মনে করেন বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা।
তারা বলছেন, প্রতি বছরই এ সংকট থাকলেও জাতীয় ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়সহ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার মতো আসন রয়েছে।
উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উচ্চশিক্ষার জন্য ভর্তিযুদ্ধে নেমেছেন প্রায় ৯ লাখ শিক্ষার্থী। ২০০টি আসন বাড়ানো হলেও রাষ্ট্রের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মান প্রথম বর্ষে এবার একটি আসনের বিপরীতে লড়ছেন ৪০ থেকে ৪৫ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।
দেশের ৩৭টি সরকারি ও ৯৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আসন রয়েছে সাড়ে ৫ লাখেরও কম। এ হিসেবে বিশ্ববিদ্যালয়ে বাকি ৩ লাখ ৭০ হাজার শিক্ষার্থীর জায়গা হবে না ।
উপাচার্যরা বলছেন, এ সংকট প্রতিবারের তবে বিকল্প ব্যবস্থা থাকায় কেউই উচ্চশিক্ষা থেকে কেউই বঞ্চিত হবে না বলে তারা মনে করেন।
একইসঙ্গে মানসম্পন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান বাড়ানোর তাগিদ দিয়ে তারা বলেন, শিক্ষার্থীর চাপ থাকলে বিশ্ববিদ্যালয়ে আসনও বাড়ানো যেতে পারে।