প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা সারাদেশে শুরু হয়েছে আজ (রবিবার)। এ বছর ৩২ লাখ ৩০ হাজার ২৮৮ জন শিক্ষার্থী সমাপনী পরীক্ষায় অংশ নিয়েছে।
এরইমধ্যে প্রাথমিকে ২৯ লাখ ৩০ হাজার ৫৭৩ জন ও ইবতেদায়িতে ২ লাখ ৯৯ হাজার ৭১৫ জন পরীক্ষার্থী। দেশের ৭ হাজার ১৯৪টি ও বিদেশের ১১টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে— চলবে ২৭ নভেম্বর পর্যন্ত।
প্রথম দিন প্রাথমিক ও ইবতেদায়িতে ইংরেজী পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সকাল ১১টা পরীক্ষা শুরু হয়ে চলে দুপুর দেড়টা পর্যন্ত। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য অতিরিক্ত ২০ মিনিট সময় দেয়া হবে।
প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবার প্রাথমিক সমাপনীতে ১৩ লাখ ৪৬ হাজার ৩২ ছাত্র এবং ১৫ লাখ ৮৪ হাজার ৫৪১ ছাত্রী পরীক্ষা দেবে। ইবতেদায়ীর পরীক্ষার্থীদের মধ্যে ১ লাখ ৫৭ হাজার ৩১৯ ছাত্র ও এক লাখ ৪২ হাজার ৩৯৬ জন ছাত্রী।
প্রাথমিক সমাপনীতে এবার ২ হাজার ৮৫৭ জন ও ইবতেদায়িতে ৯০ বিশেষ চাহিদা সম্পন্ন (অটিস্টিক) পরীক্ষার্থী অংশ নেবে।
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে মন্ত্রণালয়ের নির্দেশে এবারও ৬৪ জেলাকে বিশেষ আটটি অঞ্চলে ভাগ করা হয়েছে। আট সেট প্রশ্নে গত বছরের মত এবারও প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে।
দুর্গম এলাকার ২১০ কেন্দ্রেও বিশেষ ব্যবস্থায় প্রশ্নপত্র পাঠিয়ে দেয়া হয়েছে।
পরীক্ষার সময়সূচি: ২০ নভেম্বর রবিবার প্রাথমিক সমাপনীতে ইংরেজী, ২১ নভেম্বর সোমবার বাংলা, ২২ নভেম্বর মঙ্গলবার বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ২৩ নভেম্বর বুধবার প্রাথমিক বিজ্ঞান, ২৪ নভেম্বর বৃহস্পতিবার ধর্ম ও নৈতিক শিক্ষা ও ২৭ নভেম্বর রোববার গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ইবতেদায়ী সমাপনীতে ২০ নভেম্বর ইংরেজী, ২১ নভেম্বর বাংলা, ২২ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ২৩ নভেম্বর আরবি, ২৪ নভেম্বর কোরআন ও তাজবীদ এবং আকাঈদ ও ফিকহ, ২৭ নভেম্বর গণিত পরীক্ষা হবে।