ছাত্রলীগের দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষের পর বুধবার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
একই সঙ্গে সব ক্লাস-পরীক্ষা বাতিল এবং সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে প্রশাসন। এ ছাড়া ছাত্রদের আবাসিক হল ত্যাগেরও নির্দেশ দেয়া হয়।
সকালে রেজিস্ট্রার ইশফাকুল হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অনিবার্য কারণবশত পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অদ্য ২১/১২/২০১৬ তারিখ সকাল ৮ ঘটিকা থেকে সকল ছাত্রহল থেকে ছাত্রদের হলত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। একই সাথে আরো সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে, ০১/০১/২০১৭ পর্যন্ত হলসমূহ বন্ধ থাকবে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।’
বিজ্ঞপ্তিতে, ‘অনিবার্য কারণবশত পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সকল ধরনের সভা, সমাবেশ, মিছিল, স্লোগান নিষিদ্ধ করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।’
বিশ্ববিদ্যালয়ের ভিসি আমিনুল হক ভূঁইয়া বলেন, সকালে সিন্ডিকেটের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
মঙ্গলবার রাতে শাবিপ্রবি ছাত্রলীগের সহ সভাপতি আবু সাঈদ আকন্দ, অঞ্জন রায় ও যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম সবুজের গ্রুপ সাধারণ সম্পাদক ইমরান খান সমর্থিত গ্রুপকে ধাওয়া এবং কক্ষের দখল নেয়ার পর সংঘর্ষের সূত্রপাত হয়।
ঘটনার পর পুলিশ রাতে শাহপরান, বঙ্গবন্ধু ও সৈয়দ মুজতবা আলী হলে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, হাতবোমা ও গুলি উদ্ধার করে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর মুন্সি নাসের ইবনে আফজাল বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।