জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার এবছর ফলাফলে পাসের হার ৯৩.০৬ শতাংশ।
এ জেএসসি ও জেডিসি পরীক্ষায় ২৩ লাখ ৪৬ হাজার ৯৫৯ শিক্ষার্থীর মধ্যে ২১ লাখ ৮৩ হাজার ৯৭৫ শিক্ষার্থী পাস করেছে।
পঞ্চম ও অষ্টম শ্রেণির সমাপনী পরীক্ষার ফল প্রকাশ, প্রধানমন্ত্রীর কাছে ফলাফল হস্তান্তর; জেএসসিতে পাসের হার ৯২.৮৯ শতাংশ, জিপিএ ফাইভ ২ লাখ ৩৫ হাজার ৫৯ জন, জেডিসিতে পাসের হার ৯৪.০২ শতাংশ, জিপিএ ফাইভ ১২ হাজার ৫২৯ জন; পিইসিতে পাসের হার ৯৮.৫১ শতাংশ, ইবতেদায়ীতে পাসের হার ৯৫.৮৫ শতাংশ, জিপিএ-পাঁচ ৫ হাজার ৯৪৮।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ পরীক্ষার ফলাফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।একই সময়ে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফলের অনুলিপি তুলে ধরেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান।
মোট জিপিএ ফাইভ পেয়েছে ২ লাখ ৪৭ হাজার ৫৮৮ জন শিক্ষার্থী—এ সময় শিক্ষামন্ত্রী ফলাফলের আংশিক তথ্য তুলে ধরেন।
তিনি বলেন, এবার দুই পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ২৩ লাখ ৪৬ হাজার ৯৫৯ জন। এরমধ্যে পাস করেছে ২১ লাখ ৮৩ হাজার ৯৭৫ জন। এবারে ৯ হাজার ৪৫০টি প্রতিষ্ঠান থেকে সব শিক্ষার্থী পাস করেছে। গতবারের চেয়ে এবার ৮৬৭টি প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। অন্যদিকে শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ২৮। গতবার এই সংখ্যাটি ছিল ৪৩।
শিক্ষামন্ত্রী আরো বলেন, শুধু আট বোর্ডের অধীন জেএসসি পরীক্ষায় পাসের হার ৯২.৮৯ শতাংশ। এই পরীক্ষায় জিপিএ ফাইভ পেয়েছে ২ লাখ ৩৫ হাজার ৫৯ জন পরীক্ষার্থী। মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ৯৩ হাজার ৬১৯ জন। এরমধ্যে পাস করেছে ১৮ লাখ ৫১ হাজার ৪৯৬ জন।
এবার জেএসসি পরীক্ষায় বিদেশের আটটি কেন্দ্রে ৬২৬ জন পরীক্ষা দিয়েছিল— এরমধ্যে পাস করেছে ৬২৩ জন শিক্ষার্থী অর্থাৎ বিদেশের কেন্দ্রে পাসের হার ৯৯.৫২।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ ফল হস্তান্তরের পর দুপুর ১২টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী। এরপর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এবং ওয়েবসাইটেও ফলাফল প্রকাশ করা হবে।