নিজেকে চিনুন-নিজেকে জানুন—পৃথিবীর প্রত্যেকটি মানুষের মাঝে শক্তি আছে সেই শক্তিকে বিকশিত করে দেশ ও সামাজ বিনির্মাণে কাজে লাগাতে হবে অভিমত ব্যক্ত করেছেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর।
মঙ্গলবার দুপুরে খুলনা বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
নূর বলেন, মানবিক সমাজের জন্য প্রকৃত শিক্ষায় শিক্ষিত, জ্ঞানী ও মানবিক চেতনা সম্পন্ন মানুষ দরকার আর এজন্য শিক্ষার সাথে সংস্কৃতির সমন্বয় জরুরি।
শিল্প-সংস্কৃতির চর্চা মানুষকে সৃষ্টিশীল করে তাদের মাঝে মনুষোত্ববোধ জাগ্রত করে। শিক্ষার সাথে জ্ঞানের সমন্বয় থাকতে হবে, না হলে শুধুই প্রতিযোগিতার পরীক্ষায় পাস করা হবে প্রকৃত জ্ঞান অর্জন আর হবে না—এ মন্তব্য করেন তিনি।
তিনি আরো বলেন, প্রাণবন্ত সৃষ্টিশীল মেধার অধিকারী হতে হলে শিল্পী মনের বিকাশ ঘটাতে হবে।
উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মুক্তমঞ্চে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ডা. প্রাণ গোপাল দত্ত ও খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার খান আতিয়ার রহমান।