রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা ন্যূনতম ক্রেডিট অর্জন পদ্ধতি বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি ও অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছে।
শনিবার সকাল ৮টা থেকে রুয়েটের ২০১৩-২০১৪, ২০১৪-২০১৫ ও ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ধর্মঘটের সমর্থনে শহীদ মিনারের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করেন।
রুয়েট শিক্ষার্থীদের পরবর্তী বর্ষে উত্তীর্ণ হবার ক্ষেত্রে বাধ্যতামূলক ৪০ ক্রেডিটের মধ্যে ন্যূনতম ৩৩ ক্রেডিট অর্জন করতে হবে। অন্যথায় তাকে সেই বর্ষেই থাকতে হবে।
এর আগে নিয়ম ছিলো যে, কোনো শিক্ষার্থী পরীক্ষায় অকৃতকার্য বা অনুপস্থিতির কারণে ন্যূনতম ক্রেডিট অর্জন না করলেও পরবর্তী বর্ষে ক্লাস-পরীক্ষা দিতে পারতো। সেক্ষেত্রে পরবর্তীতে পরীক্ষা দিয়ে উক্ত ক্রেডিট অর্জন করতে হতো।
তবে ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষ থেকে এ নিয়ম তুলে দেয় রুয়েট প্রশাসন। এদিকে, এ আন্দোলনকে অযৌক্তিক দাবি করেছে প্রশাসন।