বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়গুলোর পাঠ্যক্রম সময়োপযোগী করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে আধুনিক ও সর্বশেষ উদ্ভাবিত প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে জ্ঞান বিস্তারে উদ্যোগী হতে হবে।
মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে দুপুর আড়াইটায় বিশেষ সমাবর্তনের আনুষ্ঠানিকতা শুরু হয়।
রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ এতে সভাপতিত্ব করেন।
বিশেষ এ সমাবর্তনে এবার আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা-আইএইএ'র মহাপরিচালক ইউকিয়া আমানোকে 'ডক্টর অব লজ' ডিগ্রি প্রদান করা হয়েছে।
সমাবর্তনে 'শান্তি ও উন্নয়নে পারমাণবিক শক্তি' শীর্ষক বক্তব্য রাখেন সংস্থার এ মহাপরিচালক।
পরে রাষ্ট্রপতি তার ভাষণে বিশ্বমানের শিক্ষা নিশ্চিতে বিশ্ববিদ্যালয়গুলোর পাঠ্যক্রম সময়োপযোগী করার আহ্বান জানান।
রাষ্ট্রপতি রূপপুর পারমাণবিক বিদ্যুত কেন্দ্র নির্মাণে আইএইএর সহযোগিতার প্রয়োজনিয়তা তুলে ধরে বলেন, এই প্রকল্পের সফল বাস্তবায়নে এবং পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে সংস্থাটির সহযোগিতা একান্ত অপরিহার্য।
সমাবর্তনে ইউকিয়া আমানোকে 'ডক্টর অব লজ' ডিগ্রি প্রদানের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ও সম্মানিত হয়েছে বলে মনে করেন রাষ্ট্রপতি।