শিক্ষাখাতে দুর্নীতি রোধে দুর্নীতি দমন কমিশন-দুদককে সঙ্গে নিয়ে আরো জোরালোভাবে অভিযানে নামবে শিক্ষা মন্ত্রণালয়।
দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমনটা জানিয়েছেন।
তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁস, কোচিং, ক্লাসে ফাঁকির মতো দুর্নীতির সঙ্গে জড়িত শিক্ষক ও কর্মকর্তাদের কোনো অবস্থায় ছাড় দেয়া হবে না।
দুদক কমিশনার নাসির উদ্দিন এসময় বলেন, দুর্নীতিমুক্ত ও মানসম্মত শিক্ষা চালু করতে কাজ করবেন তারা।
দুর্নীতিমুক্ত ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে আগামী ৩০ জুলাই কুমিল্লার ২০টি বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধিদের নিয়ে কর্মশালা করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন-দুদক। এ কর্মশালায় শিক্ষার্থী- শিক্ষকদের বিদ্যালয়ে উপস্থিতি, পাঠদান পদ্ধতি, নোটবই পড়ানো, কোচিং, পরীক্ষায় অতিরিক্ত ফি নেয়া, বিদ্যালয় পরিচালনা কমিটি ও শিক্ষা বাজেটে বরাদ্দ অর্থের যথাযথ ব্যবহারসহ নানা বিষয় আলোচনা হবে।
এ কর্মশালা সফল করতে বৃহস্পতিবার দুপুরে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে বৈঠক করেন দুদক কমিশনার নাসির উদ্দিন।
বৈঠক শেষে শিক্ষামন্ত্রী বলেন, তার মন্ত্রণলয় দুর্নীতির বিরুদ্ধে সব সময় সোচ্চার— এই কাজে আরো গতিশীলতা আনতে দুদকের সঙ্গে যৌথভাবে কাজ করবেন তারা।
এসময় দুদক কমিশনার বলেন, শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে দুর্নীতির বিরদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রেখেছেন তারা।