১৯ নভেম্বর থেকে শুরু হচ্ছে প্রাথমিক শিক্ষা ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা। এবার সারাদেশে ২৮ লাখেরও বেশী শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিতে যাচ্ছে। তবে গেল বছরের চেয়ে এবার প্রায় দেড় লাখ শিক্ষার্থী কম অংশ নিচ্ছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার বুধবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
প্রাথমিক পর্যায়েও শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ যোগাতে ২০০৯ সালে চালু করা হয় প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা। গত সাত বছর শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে এ পরীক্ষা অনুষ্ঠিত হলেও দু বছর ধরে তা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আয়োজন করে আসছে। মন্ত্রী জানান, এ নিয়ে দুই মন্ত্রণালয়ের কোনও সমন্বয়হীনতা নেই।
এবার সারাদেশে ১৯ নভেম্বর থেকে এ পর্যায়ের পরীক্ষা শুরু হচ্ছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী সংবাদ সম্মেলনে জানিয়েছেন, গেল বছরের চেয়ে এবার শিক্ষার্থী কমেছে। তবে এ জন্য প্রাকৃতিক দুর্যোগকেই দায়ী করেছেন তিনি। জানান, এবার বন্যায় দেশের বড় একটা অংশ ক্ষতিগ্রস্থ হওয়ায় অনেক শিক্ষা প্রতিষ্ঠান ঠিকমত পাঠদান করতে পারেনি।
এ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, এবারও ফাঁস ঠেকাতে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিচ্ছে ৩০ লাখ ৯৬ হাজার ৭৫ জন। এবার ৭ হাজার ২৭৯টি কেন্দ্র এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।