এমপিওভুক্তির দাবিতে টানা পাঁচ দিন অবস্থান কর্মসূচির পর শিক্ষক-কর্মচারীরা রোববার থেকে আমরণ অনশন শুরু করেছেন।
সকাল রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করছেন তারা।
গত ২৬ ডিসেম্বর থেকে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের ডাকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। সেই আজ অবধি রাজপথেই তাদের থাকা-খাওয়া চলছে।
এখন পর্যন্ত সরকারের দায়িত্বশীল কেউ আন্দোলনকারীদের সঙ্গে সাক্ষাৎ করেননি।
গত শুক্রবার ফেডারেশনের নেতারা বৈঠক করে আজ থেকে অনশন কর্মসূচির সিদ্ধান্ত নেন।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, দেশের বিভিন্ন জায়গা থেকে আসা শিক্ষক-কর্মচারীরা প্রেসক্লাবের সামনে ফুটপাতে কাগজ, কাপড় বিছিয়ে শুয়ে রাত দিন পার করছেন তারা।
এমপিওভুক্তি, সহকারী শিক্ষকদের মতো বেতন, বাসাভাড়া, চিকিৎসা ব্যয়সহ বিভিন্ন দাবি সংবলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন এবং প্লেটে 'মা ভাত দাও', 'মা এমপিও চাই', 'করুণা নয় নিজেদের অধিকার চাই' এমন নানা স্লোগান লিখে শিক্ষক-কর্মচারীরা আন্দোলনে অংশ নিয়েছেন।
ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহামুদুন্নবী ডলার বলেন, শিক্ষক-কর্মচারীরা নিজেদের অধিকার আদায়ে অর্ধাহারে-অনাহারে দিন পার করছেন। এতে অনেকে অসুস্থ হয়েও পড়ছেন। টানা পাঁচ দিন আন্দোলন চালিয়ে গেলেও কেউ তাদের দেখছেন না। দাবি আদায়ে বাধ্য হয়েই তারা আমরণ অনশন কর্মসূচি পালন করছেন।