নিবন্ধন পাওয়া সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে মঙ্গলবার থেকে আমরণ অনশন কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছেন
মাদ্রাসা শিক্ষকরা।
সোমবার বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির নির্বাহী কমিটির সভায় নতুন এ কর্মসূচি পালনের সিদ্ধান্তের কথা জানান সমিতির মহাসচিব মোখলেছুর রহমান
গত ১ জানুয়ারি থেকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন তারা।
সমিতির মহাসচিব জানান, লাগাতার কর্মসূচি পালনের পরও সরকারের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি তাই আগামীকাল-মঙ্গলবার থেকে আমরণ অনশন পালন করা হবে।
অষ্টম দিনের মতো কর্মসূচি পালন করছেন মাদ্রাসা শিক্ষকরা—কর্মসূচিতে অংশ নেয়া কয়েকজন শিক্ষক জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা বাড়ি ফিরে যাবেন না।
প্রসঙ্গত: দেশে নিবন্ধিত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা রয়েছে ১৮ হাজার ১৯৪টি—তবে চালু আছে ১০ হাজারের মতো, এসব মাদ্রাসায় শিক্ষক আছেন প্রায় ৫০ হাজার। তবে এর মধ্যে ১ হাজার ৫১৯টি মাদ্রাসার ৬ হাজার ৬৭৬ জন শিক্ষক সরকার থেকে ভাতা পান—এর মধ্যে প্রধান শিক্ষকরা পান মাসে আড়াই হাজার টাকা ও সহকারী শিক্ষকরা ২ হাজার ৩০০ টাকা।
এর আগে শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আশ্বাস পাওয়ার পর নন এমপিও শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা আমরণ অনশন কর্মসূচি স্থগিত করেন। আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত সচিব সাজ্জাদুল হাসান কথা বলে এ আশ্বাসের কথা জানান।