আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক শিক্ষা মন্ত্রণালয়ের দুই কর্মকর্তার বিরুদ্ধে চাকরিবিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আইন শৃংখলা বাহিনী নিশ্চয়ই কোনো অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করেছে।
ঘুষ কিংবা দুর্নীতির সঙ্গে জড়িত থাকা কোনো কর্মকর্তা-কর্মচারীকে শিক্ষা মন্ত্রণালয় প্রশ্রয় দেবে না বলেও সতর্ক করে দেন মন্ত্রী।
নুরুল ইসলাম নাহিদ বলেন, নিশ্চয়ই কোনো অপরাধের অভিযোগে আইন শৃংখলা বাহিনী তাদের গ্রেপ্তার করেছে। অপরাধের প্রমান পেলে মন্ত্রণালয় থেকেও চাকরিবিধি মেনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
হুশিয়ারি দিয়ে মন্ত্রী আরো বলেন, তিনি নিজেসহ কর্মকর্তা-কর্মচারি যেই দুর্নীতির সঙ্গে জড়িত থাকুক না কেন, তাদের অবশ্যই আইনের আওতায় শাস্তি হবে। শিক্ষা মন্ত্রণালয় বরাবরই দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স নীতিতে
বিশ্বাসী উল্লেখ করে নাহিদ বলেন, এখনও শতভাগ দুর্নীতিমুক্ত করা যায়নি তার মন্ত্রণালয়কে, তবে প্রমাণ মিললেই ব্যবস্থা নেয়া হচ্ছে।
শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তাও গ্রহণ ও বিতরণ শাখার উচ্চমান সহকারী নাসির উদ্দীন নিখোজ হওয়ার তিনদিন পর রোববার তাদের গ্রেপ্তারের কথা জানায় আইনশৃঙ্খলা বাহিনী। তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে।