আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার ২৫ মিনিট আগে লটারির মাধ্যমে প্রশ্নের সেট নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন।
রোববার সচিবালয়ে এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আয়োজিত জাতীয় তদারক কমিটির বৈঠক শেষে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, এইচএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্নফাঁস ঠেকাতেই এ ব্যবস্থা নেয়া হচ্ছে।
সচিব বলেন, পরীক্ষার আগ মুহূর্তে প্রশ্নপত্রের সব সেট নিরাপত্তা মোড়কে কেন্দ্রে পাঠানো হবে। পরীক্ষার্থীরা কেন্দ্রে ঢুকবে পরীক্ষা শুরুর আধা ঘণ্টা আগে। এরপর পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে ঢাকায় কেন্দ্রীয়ভাবে লটারি করে কোন সেটে পরীক্ষা হবে তা সংশ্লিষ্ট ব্যক্তিদের জানিয়ে দেয়া হবে।
এ সময় সচিব এ পরীক্ষায় যাতে প্রশ্নপত্র ফাঁস না হয়, সে জন্য আরও বিভিন্ন ধরনের পদক্ষেপ নেয়ার কথা জানান।
অতীতে যে ক্ষতি হয়েছে তা আর হবে না এ কথা উল্লেখ করে তিনি আরও বলেন, বর্তমান প্রক্রিয়ায় প্রশ্নপত্র ফাঁস হবে না, তার শতভাগ নিশ্চয়তা দেয়া সম্ভব নয়। তবে সব ব্যবস্থা নেয়া হচ্ছে।
আগামী ২ এপ্রিল থেকে এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হবে। তত্ত্বীয় পরীক্ষা চলবে ১৩ মে পর্যন্ত আর ১৪ থেকে ৩০ মে পর্যন্ত হবে ব্যবহারিক পরীক্ষা।
পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার হলে গিয়ে আসনে বসতে হবে। এবারও শুরুতে বহুনির্বাচনী (এমসিকিউ) অংশ এবং পরে রচনামুলক অংশের পরীক্ষা হবে। ৩০ নম্বরের বহুনির্বাচনী পরীক্ষার সময় ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীল পরীক্ষার সময় আড়াই ঘণ্টা।
যেসব বিষয়ে ব্যবহারিক পরীক্ষা রয়েছে সেগুলোর ২৫ নম্বরের বহুনির্বাচনী পরীক্ষার সময় ২৫ মিনিট এবং সৃজনশীল অংশের জন্য দুই ঘণ্টা ৩৫ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে।
এবার কত সেট প্রশ্নপত্র ছাপা হবে তা জানাতে চাননি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সভাপতির বক্তৃতায় তিনি বলেন, কত সেট প্রশ্নপত্র ছাপা হবে, সেটা কেউ জানবে না। তা বলবও না। এটা কৌশলগত ব্যবস্থা।
সভায় বিভিন্ন মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।