প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে এবছর থেকে প্রাথমিক সমাপনী (পিইসি) পরীক্ষায় এমসিকিউ বাদ দেয়া হচ্ছে— জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মো. মোস্তাফিজুর রহমান ফিজার।
মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বৃত্তির ফল প্রকাশ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মো. মোস্তাফিজুর রহমান ফিজার বলেন, প্রশ্ন ফাঁসরোধ- শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিশেষ করে শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য সবার মতামত নিয়ে আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য প্রাথমিক সমাপনী পরীক্ষা থেকে এমসিকিউ থাকবে না। এর পরিবর্তে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে শিক্ষার্থীদের।
তিনি আরো বলেন, আগে যেখানে টিক চিহৃ দিতে হতো এখন সেখানে দুই এক লাইন লিখতে হবে। তাতে লেখা ও পড়ায় মনোযোগী হবে শিক্ষার্থীরা।
এ সময় উপস্থিতি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইফ-উজ-জামান, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. গিয়াস উদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।