এ বছর প্রাথমিক বৃত্তি পেয়েছে ৮২ হাজার ৫০০ জন তারমধ্যে ৩৩ হাজার ট্যালেন্টপুলে এবং ৪৯ হাজার ৫০০ জন সাধারণ বৃত্তি পেয়েছে।
মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনের এ তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান।
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এ বৃত্তি দেয়া হয়েছে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে বৃত্তির ফল প্রকাশ করে তিনি জানান, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী মোট ৮২ হাজার ৫০০ শিক্ষার্থীর জন্য বৃত্তি দেয়া হয়। এবার মেধা কোটায় দুজন এবং সাধারণ কোটায় ২৫ জন কাঙ্ক্ষিত শিক্ষার্থী না পাওয়ায় কোটা পূরণ করা যায়নি।
তবে এটা পরে সমন্বয় করা হবে বলে মন্ত্রী জানান।
২০১৫ সাল থেকে মেধা কোটায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মাসে ৩০০ টাকা করে পায়। আর সাধারণ কোটায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা পায় মাসে ২২৫ টাকা করে। এর আগে এই বৃত্তি ছিল মেধা কোটার জন্য ২০০ টাকা এবং সাধারণ কোটার জন্য ১৫০ টাকা।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dpe.gov.bd) বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা পাওয়া যাবে।