৩৯তম বিশেষ বিসিএসের জন্য চারটি হেল্পলাইন নম্বর চালু করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পিএসসি।
সরকারি মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান টেলিটকের এ চারটি নম্বর হচ্ছে : ০১৫৫৫৫৫৫১৪৯-৫২। প্রার্থীরা আবেদন করতে গিয়ে কোনো সমস্যায় পড়লে এসব নম্বরে কথা বলে এর সমাধান করতে পারবেন।
গত ১০ এপ্রিল মঙ্গলবার সকাল ১০টা থেকে ৩৯তম বিসিএসের আবেদন নেয়া শুরু হয়ে শেষ হবে ৩০ এপ্রিল সন্ধ্যা ৬টা পর্যন্ত।
এ বিশেষ বিসিএসের ক্ষেত্রে সর্বোচ্চ ২১ থেকে ৩২ বছর বয়সী প্রার্থীরা অংশ নিতে পারবেন।
প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
সাধারণ পরীক্ষার্থীদের পরীক্ষার ফি ৭০০ টাকা। তবে ক্ষুদ্র নৃতাত্ত্বিক, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীরা ১০০ টাকা ফি দিয়ে আবেদন করতে পারবেন।
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানা গেছে, ৩৯তম বিসিএসে ৪ হাজার ৫৪২ জন সহকারী সার্জন আর ২৫০ জন সহকারী ডেন্টাল সার্জন নেয়া হবে।
সব মিলে প্রায় পাঁচ হাজার চিকিৎসক নেয়া হবে এ বিসিএসে— এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
পরীক্ষার সিলেবাস
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়, ৩৯তম বিশেষ বিসিএসে এমসিকিউ ধরনের লিখিত পরীক্ষা হবে। এতে ২০০ নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর বা এককথায় উত্তর দিতে হবে। এ ছাড়া ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা হবে।
মেডিকেল সায়েন্স বা ডেন্টাল সায়েন্স বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা হবে। এ ছাড়া বাংলা, ইংরেজি, বাংলাদেশ বিষয়াবলি ও আন্তর্জাতিক বিষয়াবলিতে ২০ নম্বর করে এবং মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তিতে ১০ নম্বর করে মোট ২০০ নম্বরের দুই ঘণ্টার এমসিকিউ ধরনের লিখিত পরীক্ষা হবে। প্রতি এমসিকিউ প্রশ্নের সঠিক উত্তরের জন্য এক নম্বর দেওয়া হবে। তবে প্রতিটি ভুল উত্তরের জন্য কাটা হবে শূন্য দশমিক ৫০ নম্বর। লিখিত পরীক্ষায় পাস নম্বর পিএসসি নির্ধারণ করবে। মৌখিক পরীক্ষার পাস নম্বর ধরা হয়েছে ৫০। লিখিত পরীক্ষা শুধু ঢাকায় হবে।